ধারগ্রহীতার শর্তাবলী
ধারের আবেদন করার সময় এই শর্তগুলো মেনে নিতে হয়। অ্যাপে নিবন্ধনের সময়ও একই শর্তে সম্মতি নেওয়া হয়।
- ধার-এর মেয়াদ শেষ হলে অবশ্যই ধার ফেরত দিতে হবে। কোনো বিশেষ কারণে দেরি হলে ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে জানাতে হবে এবং আলোচনার মাধ্যমে ধার-এর মেয়াদ বাড়াতে হবে। গুরুতর অসুস্থতা বা মৃত্যু ঘটলে ধার পরিশোধ করতে হবে না।
- আমরা কোনো তথ্য পাবলিকভাবে প্রকাশ করি না। তবে ‘দান নয়, ধার’ ফান্ড সংগ্রহ কার্যক্রম, যেকোনো ধরনের অডিট, বা কোম্পানির হিসাব-নিকাশের স্বচ্ছতা ও সত্যতা নিশ্চিত করার প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করা হতে পারে।
- নিজের নামে ধার নিয়ে অন্যকে ধার দেওয়া যাবে না। অর্থাৎ ধার হস্তান্তরযোগ্য নয়।
- যে কাজের জন্য ধার নেওয়া হবে, সে কাজেই ধার-এর অর্থ ব্যবহার করতে হবে। ‘দান নয়, ধার’ কর্তৃপক্ষ যেকোনো সময় প্রমাণ চাইতে পারে; যেমন— কম্পিউটার বা মোবাইল ক্রয়ের ক্ষেত্রে মানি রসিদ ইত্যাদি।
- কোনো প্রকার সুদ, অতিরিক্ত টাকা, উপহার বা ফি ‘দান নয়, ধার’ কার্যক্রমের কেউ কখনো গ্রহণ করবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ধার পরিশোধের পর কেউ স্বেচ্ছায় সামান্য কন্ট্রিবিউশন প্রদান করতে পারেন, কিন্তু তা বাধ্যতামূলক নয়।
- ধার পরিশোধের সকল প্রমাণ— যেমন বিকাশে টাকা পাঠানোর স্ক্রিনশট, এসএমএস, ট্রানজেকশন আইডি বা ব্যাংকে জমার রসিদ— ধারগ্রহীতাকেই সংরক্ষণ করতে হবে। হিসাব সংক্রান্ত কোনো অনিয়ম হলে ধারগ্রহীতাকে প্রমাণ দেখাতে হবে; অন্যথায় রেজিস্টার আপডেট করা হবে না।
- এই কার্যক্রম দাতাদের অনুদানের উপর পরিচালিত হয়। দাতারা জানতে চান তাদের অনুদানের অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কি না এবং শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে কি না। উপকারভোগীদের রিভিউ বা মতামত দেখে অন্যরাও এখানে অনুদান দিতে উৎসাহিত হন। তাই ধার গ্রহণের পর আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে বাধ্যতামূলকভাবে রিভিউ দিতে হবে।
- ‘দান নয়, ধার’ এর একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে কেবল ধারগ্রহীতা, কন্ট্রিবিউটর, স্বেচ্ছাসেবক ও পরিচালকেরা যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে কার্যক্রমের সকল খবর, প্রয়োজনীয় তথ্য ও আপডেট সবার কাছে সহজে পৌঁছে দেওয়া হয়। ধারগ্রহীতাদের জন্য এই গ্রুপে যুক্ত থাকা বাধ্যতামূলক।
অবশ্যই খেয়াল রাখতে হবে
- ধার প্রদানে গড়িমসি করলে, ফোন না ধরলে, মেসেজের উত্তর না দিলে অথবা টানা দুই মাস কিস্তি পরিশোধ না করলে গ্রুপের নোটিশ বোর্ডের মাধ্যমে ধারগ্রহীতার পূর্ণ পরিচয় ও ছবি প্রকাশ করে রিমাইন্ডার দেওয়া হবে।
- শর্ত ভঙ্গ করলে, সময়মতো ধার পরিশোধ না করলে বা পরিশোধে গড়িমসি করলে আমাদের স্বেচ্ছাসেবক বা ক্যাম্পাস কো-অর্ডিনেটর যেকোনো সময় ধারগ্রহীতার মোবাইল, কম্পিউটার বা মূল্যবান জিনিসপত্র সাময়িকভাবে জব্দ করার অধিকার রাখে— যতক্ষণ না ধার পরিশোধ সম্পন্ন হয়। এই বিষয়ে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং এটি অন্যায় হিসেবে গণ্য হবে না।
‘দান নয়, ধার’ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসমূহ কমিটি বা প্রধান উদ্যোক্তার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল হতে পারে।
বাংলা পাঠই চূড়ান্ত। ইংরেজি অনুবাদ কেবল বোঝার সুবিধার্থে।